শিরোনাম

এ বছর হজ্জ মৌসুমে সৌদিতে এখন পর্যন্ত ৪১ বাংলাদেশির মৃত্যু

প্রকাশনার সময়: ১ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) তারা মারা যান। এ নিয়ে চলতি বছরের হজ মৌসুমে সৌদি আরবে মৃত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, সর্বশেষ মারা যাওয়া দুই হজযাত্রী হলেন নওগাঁর বাসিন্দা মো. আবদুল মজিদ এবং ঢাকার খিলগাঁওয়ের মো. শাহজাহান আলী। তাদের মধ্যে আবদুল মজিদ মদিনায় এবং শাহজাহান আলী মক্কায় মৃত্যুবরণ করেন।

চলতি বছর মৃত্যুবরণকারী ৪১ বাংলাদেশি হজযাত্রীর মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৪ জন নারী। এর মধ্যে মক্কায় ৩০ জন ও মদিনায় ১১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১১ হাজার ৬১৩ জন হজযাত্রী সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

চলতি বছরের হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহনের প্রথম ফ্লাইট শুরু হয় ১৮ এপ্রিল এবং শেষ হয় ২১ মে। ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ জন মুসল্লি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন।

সৌদি আরবের হজ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি মুসল্লি পবিত্র হজে অংশ নিয়েছেন।

মন্তব্য করুন