শিরোনাম

তেলের দাম বাড়ানোর পরিকল্পনা ‘জনস্বার্থবিরোধী’, বললেন জামায়াত আমীর

প্রকাশনার সময়: ১ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

আসন্ন বাজেট অধিবেশনকে সামনে রেখে জ্বালানি তেলের দাম আবারও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। তিনি এ ধরনের পদক্ষেপকে জনস্বার্থবিরোধী উল্লেখ করে এর বিরুদ্ধে জনগণকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

ড. শফিকুর রহমান বলেন, সম্প্রতি এক দফায় জ্বালানি তেলের দাম ৮ থেকে ১২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর ফলে পরিবহন ব্যয়সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়েছে। অথচ মানুষের আয় বাড়েনি, বরং কর্মসংস্থানের সংকট আরও প্রকট হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, এমন পরিস্থিতিতে আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির আলোচনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। সরকার আগে দাম না বাড়ানোর আশ্বাস দিলেও এখন নতুন করে মূল্য সমন্বয়ের উদ্যোগের খবর পাওয়া যাচ্ছে, যা বাস্তবায়িত হলে তা জনগণের স্বার্থের পরিপন্থী হবে বলে তিনি মনে করেন।

বাজেট অধিবেশনের আগে তড়িঘড়ি করে জ্বালানির দাম বাড়ানোর সম্ভাবনা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। তার মতে, বাজেট ঘোষণার ঠিক আগে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা জনগণের সঙ্গে অসঙ্গতিপূর্ণ আচরণ হিসেবে বিবেচিত হতে পারে।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে সম্পর্ক তুলে ধরে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সামাজিক ও অর্থনৈতিক চাপকে আরও বাড়িয়ে দিচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে নাগরিক অধিকার ও জনস্বার্থের বিষয়ে জনগণকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ড. শফিকুর রহমান বলেন, জনগণের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মন্তব্য করুন