সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত
ত্রয়োদশ জাতীয় সংসদে প্রাপ্ত ৬৮টি আসনের অনুপাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট সংরক্ষিত নারী আসনে ১৩টি আসন পেতে যাচ্ছে। এর মধ্যে জোটের শরিক এনসিপি একটি আসন নিশ্চিতভাবে পেলেও দলটি অতিরিক্ত আরেকটি আসনের দাবি জানিয়েছে বলে জানা গেছে।
জামায়াতের দলীয় সূত্রে জানা যায়, সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীদের একটি প্রাথমিক তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন দলটির এক সহকারী সেক্রেটারি।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের বলেন, নারী প্রার্থীদের তালিকা প্রস্তুত রয়েছে এবং শিগগিরই তা প্রকাশ করা হবে। তিনি জানান, এনসিপি একটি আসন পাচ্ছে এবং আনুপাতিক হিসাব অনুযায়ী তারা আরও একটি আসন পেতে পারে—এ বিষয়ে জোটের ভেতরে আলোচনা চলছে।
আগামী সোমবার (২০ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
এদিকে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি ও নাজমুন্নিছা নিলু।
এ ছাড়া আঞ্চলিকভাবে আলোচনায় আছেন চট্টগ্রামের মেরিনা সুলতানা, সিলেটের মাহফুজা খানম, বগুড়ার সাজেদা সামাদ এবং প্রকৌশলী মারদিয়া মমতাজ।
জোটের শরিক দলগুলোর পক্ষ থেকেও কয়েকজনের নাম সামনে এসেছে। এর মধ্যে জাগপা সভাপতি তাসমিয়া প্রধান এবং এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতুর নাম উল্লেখযোগ্য।
মন্তব্য করুন

