ঈদে ছুটি বাড়ালো সরকার
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি থাকবে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভা শেষে সাধারণ ছুটির অনুমোদনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, প্রথম সংসদ অধিবেশনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণার অনুমোদন দেওয়া হয়েছে।
চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ায় ২১ মার্চ ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা ধরে সরকার আগে থেকেই ছুটি নির্ধারণ করে রেখেছিল। ঈদের আগে ও পরে ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে চার দিনের ছুটি ঘোষণা করা ছিল।
এর আগে ঈদের ছুটি শুরুর আগের দিন মঙ্গলবার (১৭ মার্চ) শবে কদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। তবে বুধবার (১৮ মার্চ) অফিস খোলা থাকার কথা থাকলেও নতুন সিদ্ধান্তে সেদিনও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।
এদিকে ঈদের এই ছুটি শেষে ২৪ ও ২৫ মার্চ ছুটি ম্যানেজ করা গেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ১২ দিনের ছুটি উপভোগ করতে পারবেন। কারণ বৃহস্পতিবার (২৬ মার্চ) বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে এবং এরপর ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি।
মন্তব্য করুন

