শিরোনাম

প্রধান তিন দাবির একটি: ‘শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে হবে’

প্রকাশনার সময়: ২২ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রশ্নপত্র ফাঁস নিয়ে শুরু হওয়া আন্দোলন গত সোমবার সহিংস হয়ে ওঠে। এদিন আন্দোলনরত শিক্ষার্থীরা পার্লামেন্টের দিকে অগ্রসর হন। তখন তাদের ওপর পুলিশ লাঠিচার্জ ও মারধর করে। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। এই আন্দোলনে যোগ দেওয়া বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী জানিয়েছেন, আন্দোলনকারীরা তিনটি প্রধান দাবি জানিয়েছে। এরমধ্যে একটি হলো এই হামলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে হবে।

আজ বুধবার (২২ জুলাই) এক সংবাদ সম্মেলনে রাহুল বলেন, “আন্দোলনরত শিক্ষার্থীরা তিনটি প্রধান দাবি জানিয়েছে। প্রথমটি হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এ মুহূর্তে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়টি হলো— যারা শিক্ষার্থীদের দিকে আঙুল তুলেছে, যারা তাদের ওপর হামলার নির্দেশ দিয়েছে এবং হামলা চালিয়েছে তাদের উভয়কে কঠোর বিচারের মুখোমুখি করতে হবে।”

“আর তৃতীয়টি হলো যে ব্যক্তি (মোদি) এই পুরো ব্যবস্থা চালাচ্ছেন তার ক্ষমা চাওয়া উচিত। প্রধানমন্ত্রী মোদিকে অবশ্যই শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে।”

মন্তব্য করুন