শিরোনাম

এমবাপের বিশ্বরেকর্ড, ওলিসের রেকর্ড, ফ্রান্সের যত কীর্তি

প্রকাশনার সময়: ১ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

গ্রুপপর্বে শতভাগ জয় ও ১০ গোল করে নকআউটে উঠেও সেই দুরন্ত ফর্ম ধরে রেখেছে বিশ্বকাপের অন্যতম ফেভারিট ফ্রান্স। কিলিয়ান এমবাপের পাগলা ঘোড়া তো চলছেই, একইসঙ্গে কিছুটা আড়ালে পড়ে যাওয়া মাইকেল ওলিসেকেও কেউ থামাতে পারছে না। যার ওপর ভর করে রেকর্ড গড়ছে ফ্রান্সও। সুইডেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে ২০১৮ বিশ্বচ্যাম্পিয়নরা শেষ ষোলোতে উঠেছে। বিশ্বকাপের সর্বশেষ পাঁচ ম্যাচেই ন্যূনতম ৩টি করে গোল করেছে ফ্রান্স। যা ফিফার এই মেগা ইভেন্টের ইতিহাসে টানা সর্বোচ্চ ম্যাচে কমপক্ষে তিন গোলের রেকর্ড।

 গ্রুপপর্বের পর নকআউটেও সুইডেনের বিপক্ষে জোড়া গোল করলেন এমবাপে। যা বিশ্বকাপের নকআউটে তার চতুর্থ একাধিক গোলের ঘটনা। টুর্নামেন্টের ইতিহাসে অন্য যেকোনো খেলোয়াড়ের তুলনায় এই সংখ্যাটি দ্বিগুণ। এছাড়া সামগ্রিকভাবে বিশ্বকাপের সাত ম্যাচে একাধিক গোলের রেকর্ড গড়লেন এমবাপে।

দুর্দান্ত ফর্মে থাকা ফরাসি মিডফিল্ডার মাইকেল ওলিসে চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৫টি অ্যাসিস্ট করেছেন। ১৯৯৪ বিশ্বকাপে জার্মানির টমাস হ্যাসলারের পর এক আসরে এত বেশি অ্যাসিস্ট আর কোনো ফুটবলার করতে পারেননি। তবে বিশ্বকাপের এক আসরে (১৯৭০) সর্বোচ্চ ৬টি অ্যাসিস্টের রেকর্ড এখনও ব্রাজিল কিংবদন্তি পেলের দখলে (১৯৬৬ আসর থেকে রেকর্ড সংরক্ষিত আছে)।

চলতি আসরে এখন পর্যন্ত লিওনেল মেসির সমান সর্বোচ্চ ৬টি গোল করেছেন এমবাপে। তবে এই টুর্নামেন্টে তার ২টি অ্যাসিস্ট তাকে গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসির চেয়ে এগিয়ে রেখেছে। বিশ্বকাপে এমবাপে ও উসমান দেম্বেলে যৌথভাবে ৬টি গোলে অবদান রেখেছেন (এমবাপেকে দেম্বেলের ৪ অ্যাসিস্ট এবং দেম্বেলেকে এমবাপের ২ অ্যাসিস্ট)। গত ৬০ বছরের মধ্যে বিশ্বকাপে এটি অন্য যেকোনো জুটির চেয়ে বেশি।
 

মন্তব্য করুন