শিরোনাম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

প্রকাশনার সময়: ৯ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন এলাকায় যাত্রীবাহী মারসা পরিবহণের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১৫ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এর চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

লোহাগাড়া থানার ওসি মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি মারসা পরিবহণ বাসের সঙ্গে কক্সবাজারগামী একই প্রতিষ্ঠানের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কক্সবাজারগামী বাসটি সড়কের পাশে একটি দোকানে ঢুকে পড়ে। সংঘর্ষে দুটি বাসের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেন। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে পরে লোহাগাড়া ট্রমা সেন্টার এ চিকিৎসাধীন আরও তিনজন মারা যান। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দীন চৌধুরী জানান, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন