শিরোনাম

১৩ কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পূজা চেরীর বাবা

প্রকাশনার সময়: ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

চলচ্চিত্র নির্মাণের নামে কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরীর বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে দায়ের করা একটি প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে ভুক্তভোগী মিজানুর রহমান ও তার সহযোগীর কাছ থেকে বিভিন্ন সময়ে বড় অঙ্কের অর্থ গ্রহণ করেন দেবু প্রসাদ রায়। ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মাটিকাটার একটি বাসায় তিনি প্রথম ধাপে ৫ কোটি ৫০ লাখ টাকা ধার নেন বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে একই ব্যবসার অজুহাতে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাধ্যমে আরও ৫০ লাখ টাকা এবং ২০২৪ সালের মে মাসে স্ট্যাম্পের মাধ্যমে আরও ৬ কোটি টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে। এছাড়া বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মাধ্যমে ধাপে ধাপে আরও প্রায় ১ কোটি ২০ লাখ টাকা লেনদেনের কথাও উল্লেখ রয়েছে এজাহারে।

সব মিলিয়ে ভুক্তভোগীর দাবি অনুযায়ী, মোট ১৩ কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়, দীর্ঘ সময় পার হলেও এসব অর্থ ফেরত দেওয়া হয়নি এবং টাকা চাইলে নানা অজুহাত ও হুমকির মুখে পড়তে হয়েছে।

এদিকে মামলার বিষয়ে পূজা চেরী গণমাধ্যমকে জানান, এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, মামলাটি তদন্তাধীন এবং এটি পারিবারিক বিষয় হলেও এ বিষয়ে তিনি বিস্তারিত জানেন না। আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি নিষ্পত্তি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন