মারধরের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর মনিকা কবিরকে গ্রেপ্তারের দাবি
রাজধানীর গুলশান এলাকায় এক সাধারণ পথচারীকে মারধরের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন রুশ-বাংলা মডেল ও কনটেন্ট ক্রিয়েটর মনিকা কবির। একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে তীব্র আলোচনা শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মনিকা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন। এ সময় এক পথচারী তার কাছাকাছি দিয়ে যাওয়ার সময় তার দিকে তাকান। এতে ক্ষিপ্ত হয়ে তিনি ওই ব্যক্তিকে মারধর শুরু করেন। পরে তাকে হাসিমুখে উড়ন্ত চুমু দিতেও দেখা যায়। ঘটনার পর ভিডিওটি ফেসবুকে আপলোড করা হয়।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ঘটনাটির সমালোচনা করে এর সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। আবার কেউ কেউ তাকে গ্রেপ্তারের দাবিও তুলেছেন।
তবে মনিকা কবির গণমাধ্যমকে জানান, ওই ব্যক্তি তার কাছে এসে বাজে শব্দ উচ্চারণ করেন এবং ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা দেন। পাশাপাশি আপত্তিকরভাবে তার গায়ে হাত দেন বলেও দাবি করেন তিনি। ধাক্কা দিয়ে যাওয়ার সময় তাকে নিয়ে ওই প্রবীণ ব্যক্তি অশালীন মন্তব্য করেন বলেও অভিযোগ করেন এই মডেল।
তিনি আরও জানান, পুরো ঘটনার ভিডিওটি তার মা ধারণ করেছিলেন।
এদিকে অভিযোগ উঠেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই ভিডিওটি আপলোড করা হয়েছে।
মন্তব্য করুন

