সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোটসঙ্গীদের সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৈঠকে বিএনপি ও তাদের শরিক দলের সংসদ সদস্যরা অংশ নিয়েছেন।
জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন, যা বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হওয়ার কথা রয়েছে, সেটিকে সামনে রেখে সরকারের কৌশল নির্ধারণ এবং সংসদে করণীয় নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
দলীয় সূত্রে জানা যায়, বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাশাপাশি সংসদের কার্যক্রম পরিচালনা এবং সরকারের নীতিগত অবস্থান নিয়ে আলোচনা চলছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে। পরে ১৭ ফেব্রুয়ারি নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। একই দিনে সংসদ নেতা হিসেবে নির্বাচিত হন তারেক রহমান এবং তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করেন।
মন্তব্য করুন

