ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি
ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় Benjamin Netanyahu নিহত হয়েছেন এবং একই হামলায় ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী Itamar Ben-Gvir আহত হয়েছেন—এমন দাবি করে সংবাদ প্রকাশ করেছে ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম Tasnim News Agency। তবে এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
তাসনিম নিউজের প্রতিবেদনে মূলত একটি এক্স (সাবেক টুইটার) পোস্টের কথা উল্লেখ করা হয়েছে। ওই পোস্টটি মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা Scott Ritter-এর নামে একটি অ্যাকাউন্ট থেকে করা হয়েছে বলে দাবি করা হয়। সেখানে বলা হয়, ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই তিনি নিহত হন। একই সময় বাসভবনে উপস্থিত থাকা ইতামার বেন-গিভর হামলায় আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়। তবে পোস্টটি যে সত্যিই স্কট রিটারের অ্যাকাউন্ট থেকে করা হয়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি।
ফার্সি ভাষায় প্রকাশিত প্রতিবেদনে হামলার কোনো সরাসরি প্রমাণ বা ক্ষয়ক্ষতির নিশ্চিত তথ্য দেওয়া হয়নি। বরং কয়েকটি পরিস্থিতিগত বিষয় তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে নেতানিয়াহুর সাম্প্রতিক কোনো ভিডিও প্রকাশ না হওয়া, তার বাসভবনের আশপাশে নিরাপত্তা জোরদার নিয়ে ইসরাইলি গণমাধ্যমের কিছু প্রতিবেদন, জ্যারেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের কথিত সফর স্থগিত হওয়ার তথ্য এবং ফ্রান্সের প্রেসিডেন্ট Emmanuel Macron-এর সঙ্গে নেতানিয়াহুর একটি ফোনালাপের উল্লেখ—যার তারিখও নির্দিষ্ট করা হয়নি।
এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর। দপ্তরের নথি অনুযায়ী, নেতানিয়াহুর নামে সর্বশেষ বিবৃতি প্রকাশিত হয়েছিল গত ৭ মার্চ। সেদিন তিনি ইসরায়েলের বিরশেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের দেখতে গিয়েছিলেন।
উল্লেখ্য, ইরানি গণমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার দাবি নতুন নয়। এর আগে ২ মার্চও কয়েকটি ইরানি সংবাদমাধ্যম একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছিল। তখন বলা হয়েছিল, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় প্রধানমন্ত্রীর দপ্তর ধ্বংস হয়ে গেছে এবং তিনি নিহত হয়েছেন। পরে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সেই খবরকে ভিত্তিহীন গুজব বলে উল্লেখ করে।
মন্তব্য করুন

