প্রয়াত স্ত্রীকে নিয়ে নতুন বিতর্কে অভিনেতা যাহের আলভী, সোশ্যাল মিডিয়ায় ঝড়
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা যাহের আলভী প্রয়াত স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। স্ত্রীর মৃত্যুর পর প্রথমে শোক প্রকাশ করলেও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি তাঁর স্ত্রীকে উদ্দেশ করে বিভিন্ন অভিযোগ তুলেছেন, যা সমালোচনার ঝড় তুলেছে।
২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরের বাসায় ইকরা মারা যান। এ সময় আলভী নেপালে শুটিংয়ে ছিলেন। স্ত্রীকে হারানোর শোক প্রকাশ করে তিনি ফেসবুকে লিখেছিলেন, “ইকরা আত্মহত্যা করেছেন এবং আমি ভেঙে পড়েছি।” এরপর ২ মার্চ ফেসবুক লাইভে এসে আবেগঘনভাবে স্ত্রীর প্রতি ভালোবাসা ও শোক প্রকাশ করেন।
কিন্তু ঘটনা ঘিরে দুই দিন না যেতেই আলভীর বক্তব্যে বড় পরিবর্তন আসে। শুক্রবার রাতে দেওয়া দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, ইকরা শুটিংয়ের আগে বাসায় বন্ধুদের নিয়ে পার্টি করেছিলেন এবং সেখানে মদ্যপান ও সিগারেটের ব্যবহার ছিল। এছাড়া তিনি বলেন, ইকরা ঘুমের ওষুধ আনিয়েছিলেন এবং বাসার সিসিটিভি এক্সেস শুধু তার ফোনে ছিল, যা তাঁর সন্দেহকে আরও জোরদার করে।
এই পোস্টে আলভী ব্যক্তিগত দাম্পত্যজীবনের নানা ঘটনা তুলে ধরেন এবং আশঙ্কা প্রকাশ করেন যে কিছু মহল তাঁকে ফাঁসানোর চেষ্টা করতে পারে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন—একজন মৃত ব্যক্তিকে নিয়ে প্রকাশ্যে এমন অভিযোগ তোলা কতটা নৈতিক বা গ্রহণযোগ্য।
অভিনেতা যাহের আলভীর এই বিবৃতির পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও আলোচনা দু’ই ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, ব্যক্তিগত শোক প্রকাশ করা এক কথা, কিন্তু মৃত ব্যক্তিকে নিয়ে অভিযোগ তোলা এবং বিতর্ক তৈরি করা অন্য বিষয়।
এই ঘটনার পর ভক্ত ও সমালোচকেরা সক্রিয়ভাবে বিষয়টি নিয়ে মন্তব্য করছেন এবং ঘটনার প্রকৃত কারণ জানার জন্য উৎসুক।
মন্তব্য করুন

