শিরোনাম

ইরানে এ যাবতকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ রাতে

প্রকাশনার সময়: ৭ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন

ধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানে এ যাবতকালের বৃহত্তম বোমাবর্ষণের পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা। এতে করে অঞ্চলজুড়ে নতুন করে উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারির বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে ইরানের বিরুদ্ধে আজ রাতেই বড় ধরনের বিমান হামলা চালানো হতে পারে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এটি হতে পারে এখন পর্যন্ত ইরানের ওপর সবচেয়ে বড় আকারের সমন্বিত বোমাবর্ষণ।

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য এই হামলার লক্ষ্য হতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, সামরিক ঘাঁটি, অস্ত্র তৈরির কারখানা এবং কৌশলগত অবকাঠামো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইতোমধ্যে ইরানের বিভিন্ন স্থাপনায় একাধিক বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে ইরানও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এতে করে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং পুরো মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

বিশ্লেষকরা বলছেন, সংঘাতের মাত্রা যদি আরও বাড়ে, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে বিশ্ব সম্প্রদায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংযম প্রদর্শনের আহ্বান জানালেও সংঘাতের উত্তেজনা কমার কোনো স্পষ্ট ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে গভীরভাবে নজর রাখছে আন্তর্জাতিক মহল।

মন্তব্য করুন