নতুন করে এলপি গ্যাসের দাম নির্ধারণ
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (Bangladesh Energy Regulatory Commission) মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করেছে। সংস্থাটি জানিয়েছে, নতুন মূল্য আজ ২ মার্চ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকোর (Saudi Aramco) ঘোষিত মার্চ মাসের প্রোপেন ও বিউটেনের কন্ট্রাক্ট প্রাইস (সিপি) এবং ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে এ মূল্য সমন্বয় করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্চ মাসে প্রোপেনের সিপি প্রতি মেট্রিক টন ৫৪৫ মার্কিন ডলার এবং বিউটেনের সিপি ৫৪০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। প্রোপেন ও বিউটেনের ৩৫:৬৫ অনুপাত ধরে গড় সিপি দাঁড়িয়েছে প্রতি মেট্রিক টন ৫৪১.৭৫ মার্কিন ডলার। পাশাপাশি প্রতি ডলারের গড় বিনিময় মূল্য ১২২.৪৭ টাকা ধরা হয়েছে।
নতুন ঘোষণায় ভোক্তা পর্যায়ে মূসকসহ বেসরকারি এলপিজির দাম প্রতি কেজি ১১১.৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম আগের মতোই ১,৩৪১ টাকা রাখা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন আকারের সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে—
৫.৫ কেজি ৬১৫ টাকা, ১২.৫ কেজি ১,৩৯৭ টাকা, ১৫ কেজি ১,৬৭৬ টাকা, ১৬ কেজি ১,৭৮৮ টাকা, ১৮ কেজি ২,০১১ টাকা, ২০ কেজি ২,২৩৫ টাকা, ২২ কেজি ২,৪৫৮ টাকা, ২৫ কেজি ২,৭৯৪ টাকা, ৩০ কেজি ৩,৩৫২ টাকা, ৩৩ কেজি ৩,৬৮৭ টাকা, ৩৫ কেজি ৩,৯১১ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫,০২৮ টাকা।
রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ মূল্য প্রতি কেজি ১০৭.৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। গ্যাসীয় অবস্থায় সরবরাহকৃত এলপিজির ভোক্তা মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ০.২৩৯৯ টাকা বা প্রতি ঘনমিটার ২৩৯.৯০ টাকা।
ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬১.৮৩ টাকা।
এদিকে কমিশন জানিয়েছে, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি করা আদেশ অনুযায়ী সরকারি এলপিজির ১২.৫০ কেজি সিলিন্ডারের দাম ৭৭৬.৯৩ টাকা অপরিবর্তিত থাকবে।
একই সঙ্গে এলপিজি মজুত ও বোতলজাতকরণ প্রতিষ্ঠান, ডিস্ট্রিবিউটর এবং খুচরা বিক্রয় কেন্দ্রগুলোকে কমিশন নির্ধারিত দামের বেশি দামে বোতলজাত বা রেটিকুলেটেড এলপিজি এবং অটোগ্যাস বিক্রি না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন

