নিরাপদে বাসায় ফিরেছেন মুশফিকুর রহিম, জানালেন তার স্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকে পড়া বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার–ব্যাটসম্যান মুশফিকুর রহিম অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন।
বাংলাদেশ ক্রিকেটের ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত এই তারকা ক্রিকেটার পবিত্র রমজান মাসে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। সব আনুষ্ঠানিকতা শেষে গত শনিবার সকালে জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিলেও, মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত হয়ে যায়।
প্রথমে দুবাইগামী পথে বিমান চলাচল ব্যাহত হওয়ায় উড়োজাহাজটি পুনরায় জেদ্দায় ফিরে আসে। এতে হাজারো যাত্রীর সঙ্গে মুশফিকুর রহিমও জেদ্দা বিমানবন্দরে আটকে পড়েন।
ক্লান্ত যাত্রীদের ভিড়ে প্রিয় ক্রিকেটার আটকে পড়ার খবর দেশে পৌঁছালে ভক্ত–সমর্থকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিষয়টি জানার পর দ্রুত তৎপর হয় প্রশাসন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ব্যক্তিগতভাবে বিষয়টি তদারকির আশ্বাস দেন।
এরপর রোববার (১ মার্চ) রাতেই তিনি ঢাকার উদ্দেশে রওনা হন এবং সোমবার (২ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
মুশফিকের নিরাপদে দেশে ফেরার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন তাঁর স্ত্রী জান্নাতুল কিফায়েত। সোমবার দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন,
‘আলহামদুলিল্লাহ, মুশফিক নিরাপদে বাসায় পৌঁছেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাঁর জন্য সবকিছু সহজ করে দিয়েছেন। এই সময়ে যাঁরা দুশ্চিন্তা করেছেন এবং মানসিকভাবে আমার পাশে ছিলেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। আমরা দোয়া করি, বিশ্বের চলমান অস্থিরতা যেন দ্রুত শান্ত হয় এবং সবকিছু স্বাভাবিক হয়ে আসে, ইনশা আল্লাহ।’
মন্তব্য করুন

