ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইন-এ এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে করে পুরো অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে।
সোমবার (২ মার্চ) স্থানীয় সময় সকালে বাহরাইনের রাজধানী মানামা-র নিকটবর্তী একটি সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের শার্পনেল (ধ্বংসাবশেষ) একটি জাহাজের ওপর পড়লে ঘটনাস্থলেই একজন বাংলাদেশি নিহত হন এবং আরও দুইজন আহত হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মানামার কাছে সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে যে আগুনের সূত্রপাত হয়েছিল, তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, নিহত প্রবাসী বাংলাদেশির নাম মোহাম্মদ তারেক (৪৮)। তিনি বাংলাদেশের চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা। সোমবার ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিকালীন সময়ে এ হামলার ঘটনা ঘটে।
এদিকে, কুয়েত-এ পৃথক ড্রোন হামলায় চারজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তারা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাথিয়ার রাবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চাঁদিনার দুলাল মিয়া। কুয়েতের একটি বেসামরিক বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় তারা আহত হন। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আহতদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে হাসপাতালে গিয়ে তাদের খোঁজখবর নিয়েছেন।
বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে অঞ্চলে বসবাসরত ছয় কোটিরও বেশি বাংলাদেশি নাগরিকের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকতে এবং সরকারের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের জন্য প্রয়োজনীয় পরামর্শ জারি করার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন

