শিরোনাম

কৃষকের ছদ্মবেশে পুলিশের অভিযান, ফসলি মাঠ থেকে পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশনার সময়: ২৬ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

 

দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকা দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ধরতে কৃষকের ছদ্মবেশ নিল পুলিশ। অভিনব কৌশলে পরিচালিত অভিযানে নওগাঁর নিয়ামতপুর উপজেলার একটি ফসলি মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া সুশীল চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রাজবাড়ীহাট টাওয়ারপাড়া গ্রামের মৃত শুকান্তের ছেলে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত সুশীলকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি এলাকা ছেড়ে পালিয়ে কৃষকের বেশে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সুশীল নওগাঁ জেলার নিয়ামতপুর থানার রাওতা গ্রামের একটি ফসলি মাঠে কাজ করছেন। এরপর নাচোল থানার এএসআই ফরহাদ হাসানের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযান সফল করতে এএসআই ফরহাদ নিজেই কৃষকের ছদ্মবেশ ধারণ করেন। পাশের জমির মালিকের অনুমতি নিয়ে কৃষিকাজের ভান করে তিনি আসামির কাছাকাছি অবস্থান নেন। পরে সুযোগ বুঝে সুশীলকে আটক করতে গেলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পরে হাতকড়া পরিয়ে তাকে হেফাজতে নেওয়া হয়।

মন্তব্য করুন