জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় রাজনৈতিক জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক শেষে কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে গঠিত ১১ দলীয় সমঝোতার কার্যকারিতা শেষ হয়ে গেছে। এ কারণে এখন থেকে জোটের সব ধরনের কর্মসূচি থেকে বিরত থাকবে খেলাফত মজলিস। তবে ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের প্রয়োজন দেখা দিলে সে বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দলটির ভাষ্য অনুযায়ী, জাতীয় নির্বাচনের সময় গড়ে ওঠা এই জোট মূলত নির্বাচনী সমঝোতার ভিত্তিতে ছিল। নির্বাচন শেষে কিছু সময় তারা জোটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেও বর্তমানে সেই সমঝোতা আর বহাল নেই।
খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি বলেন, নির্বাচনের পর থেকে ধীরে ধীরে তারা ১১ দলীয় জোটের কার্যক্রম থেকে দূরে সরে আসেন। বর্তমানে জোটের সঙ্গে তাদের সাংগঠনিক সম্পৃক্ততা নেই এবং ভবিষ্যতেও এই সমঝোতা চালিয়ে নেওয়ার পরিকল্পনা নেই। তবে গণভোটের রায় বাস্তবায়নসহ কিছু বিষয়ে মতৈক্য থাকলেও সেগুলো বাস্তবায়নে দলটি নিজস্ব উদ্যোগেই কাজ করবে বলে জানান তিনি।
এর আগে গত ১৩ জুন চট্টগ্রামে অনুষ্ঠিত ১১ দলীয় সমাবেশের পর খেলাফত মজলিস জোটকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায়, ভবিষ্যতে কোনো সমাবেশের ব্যানার, পোস্টার বা প্রচারণায় দলটির নাম বা নেতাদের নাম ব্যবহার না করতে। পরে একটি সমাবেশে নাম ব্যবহার করা হলেও আপত্তির পর তা প্রত্যাহার করা হয়। এরপর থেকে জোটের কোনো কর্মসূচিতে খেলাফত মজলিসের নাম আর ব্যবহার করা হয়নি।
এদিকে, সাম্প্রতিক সময়ে কওমি ধারার ইসলামি দলগুলোর রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর উদ্যোগে কয়েকটি ইসলামি দলের নেতাদের বৈঠকের পর ১১ দলীয় জোটের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়। এরই মধ্যে খেলাফত আন্দোলনও জোট ত্যাগের ঘোষণা দিয়েছে। সর্বশেষ খেলাফত মজলিসের সিদ্ধান্তে জোটের ভবিষ্যৎ নিয়ে নতুন করে রাজনৈতিক বিশ্লেষণ শুরু হয়েছে। তবে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস এখনো এই ১১ দলীয় জোটে রয়েছে।
মন্তব্য করুন
