শিরোনাম

পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

প্রকাশনার সময়: ২৪ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে গণমাধ্যমকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি অসুস্থ, তাই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।’

পদত্যাগপত্রে স্বাক্ষর করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি সংক্ষিপ্তভাবে বলেন, ‘বলে দিয়েছি, বুঝে নিন।’

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের খবরে দেশে ফিরেই সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথ কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে সংসদ সচিবালয়। সেখানে রাষ্ট্রপতির পদত্যাগ এবং পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে তিনি বক্তব্য দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

চিকিৎসার জন্য ব্যাংককে অবস্থানরত স্পিকারের ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে তিনি নির্ধারিত সময়ের দুই দিন আগেই শুক্রবার দুপুরে দেশে ফেরেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

এর আগে বঙ্গভবনের একাধিক সূত্র জানিয়েছিল, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং পদত্যাগপত্রও প্রস্তুত করা হয়েছে। তবে স্পিকার দেশে না থাকায় তা জমা দেওয়ার প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছিল।

উল্লেখ্য, মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তিনি দেশের ইতিহাসে একমাত্র রাষ্ট্রপতি, যিনি ভিন্ন সময়ে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করিয়েছেন।

মন্তব্য করুন