বিএনপি পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজেও হাত দেবে: প্রধানমন্ত্রী
দুর্যোগ মোকাবিলা ও পানিসংকট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের জন্য পানির নিশ্চয়তায় পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজ নিয়েও কাজ করবে বিএনপি।
বুধবার (২০ মে) টঙ্গীতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীন একটি গবেষণাগার ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, গত দুই দশকে ভূগর্ভস্থ পানি অতিরিক্ত পরিমাণে উত্তোলনের কারণে পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যে ঝুঁকি তৈরি হয়েছে। খাল ও নদী পুনঃখনন করে বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ ও ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিলেও আগামী ২০ বছরে সেই ঘাটতি পুরোপুরি পূরণ হবে না বলে মন্তব্য করেন তিনি। এ কারণে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর ওপর গুরুত্বারোপ করেন বিএনপি চেয়ারম্যান।
তিনি আরও বলেন, খাল ও নদী খননের সঙ্গে পরিবেশগত ভারসাম্য ও ভূমিকম্প মোকাবিলার সম্পর্ক রয়েছে। তাই দুর্যোগ ঝুঁকি কমাতে জলাধার ও নদীনির্ভর ব্যবস্থাপনা জোরদার করতে হবে।
দুর্যোগ পুরোপুরি ঠেকানো সম্ভব নয় উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি এবং কার্যকর ব্যবস্থাপনার বিকল্প নেই।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু-র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন, মন্ত্রণালয়ের সচিব ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক।
অনুষ্ঠান শেষে গবেষণাগার ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি পুকুরে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
মন্তব্য করুন

