শিরোনাম

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৬ বস্তা সরকারি চাল উদ্ধার, তদন্তে প্রশাসন

প্রকাশনার সময়: ১৬ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক জামায়াত নেতার বাড়ি থেকে মজুত করা প্রায় ৯৬ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৬ মে) বিকেলে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

উদ্ধার হওয়া চালগুলো উপজেলার ১ নম্বর চরজব্বার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির আবদুস সামাদ ওরফে সামাদ ডাক্তারের বাড়ি থেকে জব্দ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইমানআলী বাজারসংলগ্ন ওই বাড়িতে সরকারি চাল মজুত করে রাখা হচ্ছিল এবং পরে তা বেশি দামে বিক্রি করা হতো। শনিবার সকালে এলাকাবাসী বাড়ির একটি কক্ষে সরকারি বস্তায় সংরক্ষিত বিপুল পরিমাণ চাল দেখতে পেয়ে বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ও চরজব্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে এবং চালগুলো জব্দ করে প্রশাসনের হেফাজতে নেয়।

তবে অভিযোগ অস্বীকার করে আবদুস সামাদ দাবি করেন, চালগুলো তার ছোট ভাই কামালের, যিনি একটি ডেইলি শপের ডিলার। তার ভাষ্য অনুযায়ী, বিভিন্ন মাদরাসা ও লক্ষ্মীপুরের রামগতি এলাকা থেকে বৈধভাবে এসব চাল কেনা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

চরজব্বার ইউনিয়ন জামায়াতের আমির ওমর ফারুক বলেন, কয়েকটি মাদরাসার সরকারি বরাদ্দের চাল নিয়ম মেনে কেনা হয়েছিল। একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টিকে ‘অবৈধ চাল’ হিসেবে প্রচার করেছে বলেও দাবি করেন তিনি।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান জানান, উদ্ধার হওয়া চালের পরিমাণ প্রায় ৩ টনের মতো। বৈধ কাগজপত্র উপস্থাপন করা হলে চাল ফেরত দেওয়া হবে, অন্যথায় তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন