মাঝ আকাশে ছিনতাইয়ের সংকেত : ফ্রাঙ্কফুর্ট-দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ
ভারতের বৃহত্তম বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার ফ্রাঙ্কফুর্ট থেকে নয়াদিল্লিগামী একটি ফ্লাইট থেকে বিমান ছিনতাইয়ের সতর্কবার্তা পাওয়ার পর সেটিকে জয়পুরে জরুরি অবতরণ করানো হয়েছে। আজ বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টার দিকে মিনিটে ঘটেছে এ ঘটনা।
জয়পুর বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা চরণ সিং ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, বুধবার সকাল ৯ টা ৩৫ মিনিটে বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে ফ্লাইটটি। উড়োজাহাজে মোট ৩০৫ জন যাত্রী ছিলেন; তারা সবাই নিরাপদে আছেন।
চরণ সিং আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে যে ফ্লাইটটির একজন পাইলট বিমান চালননার সময় ভুলবশত সেই সতর্কবার্তাটি চালু করে ফেলেছিলেন। তবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ।
জয়পুর বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, অবতরণের পর বিমানটিকে একটি 'আইসোলেশন বে' বা বিচ্ছিন্ন এলাকায় সরিয়ে নেওয়া হয়, যেখানে নিরাপত্তা কর্মীরা বিমান ও যাত্রীদের মালপত্র তল্লাশি শুরু করেন। তারপর তারা যাত্রীদের নিরাপদে নামিয়ে আনেন এবং বিমানবন্দরের টার্মিনালে নিয়ে যান।
মন্তব্য করুন

