দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন: মির্জা ফখরুল
দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ডিসকোর্স ন্যাশনালস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী সবসময় দেশের উন্নয়ন, জনগণের জীবনমান বৃদ্ধি এবং প্রয়োজনীয় সংস্কার নিয়ে ভাবেন। নেতৃত্বের ক্ষেত্রে তিনি ইতোমধ্যে কাজের মাধ্যমে একটি উদাহরণ সৃষ্টি করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশের সামনে এখন বড় বড় চ্যালেঞ্জ রয়েছে এবং রাতারাতি সব সমস্যার সমাধান সম্ভব নয়। তবে তরুণদের মেধা, দেশপ্রেম ও সক্ষমতার ওপর আস্থা রেখে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলমান সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।
ছাত্র-তরুণদের আত্মত্যাগ দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, এই সুযোগ কাজে লাগাতে শক্তিশালী নেতৃত্ব, সুদূরপ্রসারী পরিকল্পনা এবং সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নানা প্রতিবন্ধকতা থাকলেও দেশের সম্ভাবনা নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নির্বাসিত জীবন থেকে ফিরে একটি সুস্পষ্ট উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন। একটি দেশকে নতুনভাবে গড়ে তুলতে পরিকল্পনার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
তরুণদের প্রশংসা করে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ তাদের হাতেই। জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সংকটসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের উদ্ভাবনী চিন্তা ও অদম্য প্রত্যয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, সব সংকট অতিক্রম করে বাংলাদেশ আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।
মন্তব্য করুন
