শিরোনাম

ইনফান্তিনোর প্রস্তাবে ‘না’ ভোট দিলে বাংলাদেশ হারাতে পারে ৩৭০ কোটি টাকার অনুদান

প্রকাশনার সময়: ৩০ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

বিশ্বকাপ বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা বাস্তবায়নে সদস্য দেশগুলোর ওপর চাপ বাড়িয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার প্রস্তাবের পক্ষে ভোট না হলে সদস্য দেশগুলো সম্ভাব্য ৩০ মিলিয়ন ডলার পর্যন্ত অতিরিক্ত আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৭০ কোটি টাকা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, সদস্য দেশগুলোকে সিদ্ধান্ত নেওয়ার জন্য ৫৩ দিনের সময় দেওয়া হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটি অনুমোদিত হলে ফিফা ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠন করবে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টগুলোর সম্প্রচারস্বত্ব, স্পনসরশিপ, টিকিট বিক্রি এবং অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি বাইরের বিনিয়োগকারীদেরও অংশীদার হওয়ার সুযোগ থাকবে।

ইনফান্তিনোর প্রস্তাব অনুযায়ী, এটি অনুমোদিত হলে ২০২৭-২০৩১ মেয়াদে ফিফা ফরওয়ার্ড কর্মসূচির অনুদান প্রায় ৮ মিলিয়ন ডলার থেকে বেড়ে ২০ মিলিয়ন ডলারে উন্নীত হবে। এর সঙ্গে প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া প্রতিটি সদস্য দেশ অতিরিক্ত এককালীন ২০ মিলিয়ন ডলার পাবে। কিন্তু প্রস্তাবটি বাতিল হলে সদস্য দেশগুলো মাত্র ১০ মিলিয়ন ডলার পাবে। ভবিষ্যতে ২০৩৫-২০৩৮ চক্রে এই অনুদান ২৪ মিলিয়ন ডলারে উন্নীত করারও পরিকল্পনা রয়েছে। পুরো উদ্যোগের মাধ্যমে প্রায় ৪.২ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নিয়েছে ফিফা।

বাংলাদেশের মতো ছোট ফুটবল ফেডারেশনগুলো জাতীয় দল পরিচালনা, অবকাঠামো উন্নয়ন, একাডেমি এবং তৃণমূল ফুটবল কার্যক্রম পরিচালনায় ফিফার অনুদানের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এর আগে ইনফান্তিনো দাবি করেছিলেন, ফিফার সহায়তা ছাড়া বিশ্বের প্রায় ১৫০টি দেশে ফুটবল টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।

তবে পরিকল্পনাটি নিয়ে ইতোমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। UEFA অভিযোগ করেছে, ফিফা ফুটবলের বাণিজ্যিকীকরণে অতিরিক্ত ঝুঁকি নিচ্ছে। ইউরোপীয় ফুটবল কর্তারা এ বিষয়ে জরুরি বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন এবং বিশ্বকাপ বর্জনের বিষয়টিও আলোচনায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে The Football Association জানিয়েছে, পরিকল্পনাটি সম্পর্কে তারা আগে থেকে অবগত ছিল না। সংস্থাটি বলেছে, প্রস্তাবের স্বচ্ছতা ও নীতিগত দিক নিয়ে তাদের উদ্বেগ রয়েছে এবং পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার পর আনুষ্ঠানিক অবস্থান জানানো হবে।

উত্তর আমেরিকার ফুটবল সংস্থা CONCACAF-ও পরিকল্পনাটির সমালোচনা করেছে। তবে আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকার অনেক সদস্য সংস্থার সমর্থন পাওয়ার বিষয়ে আশাবাদী ইনফান্তিনো। প্রস্তাবটি কার্যকর করতে ফিফার ২১১ সদস্য দেশের মধ্যে ৫০ শতাংশের বেশি ভোট এবং ফিফা কাউন্সিলের অনুমোদন প্রয়োজন।

মন্তব্য করুন