হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ: আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের সদর উপজেলার লুকরা ইউনিয়নের কাশিপুর গ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকালে সংঘটিত এ ঘটনায় উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে গ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ব্রাজিল দল ২-০ গোলে পরাজিত হলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।
তবে পরদিন সকালে পূর্বের বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হন।
আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন

