সনাতন ধর্মের প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন জামায়াতের এমপি মাসুদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ তার নির্বাচনী এলাকার তিন প্রতিবন্ধী ভাইয়ের সহায়তায় সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত এক মাসের বেতন-ভাতা প্রদান করার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।
ড. মাসুদ জানান, পটুয়াখালী-২ (বাউফল) আসনের ধুলিয়া ইউনিয়নের চাদকাঠি গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী তিন ভাই—রিপন দাস, সাধু দাস ও নিধু দাসের পরিবারের জন্য তার এক মাসের বেতন-ভাতার সমপরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি তাদের বসতবাড়ি পুনর্নির্মাণ এবং নিয়মিত খাদ্য সহায়তার ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, গণমাধ্যমে প্রতিবন্ধী তিন ভাইয়ের মানবেতর জীবনযাপনের খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি তার নজরে আসে। এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনা করে তাৎক্ষণিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়।
ড. মাসুদ আরও বলেন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তবে স্বাধীনতার দীর্ঘ সময় পরও অনেক মানুষ এসব মৌলিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন বলে তিনি মন্তব্য করেন।
সংবিধান সংস্কার প্রসঙ্গেও তিনি বক্তব্য দেন। এ সময় তিনি সরকারের প্রতি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
এক প্রশ্নের জবাবে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জামায়াতে ইসলামী ধর্ম, বর্ণ, জাতি বা গোষ্ঠীভেদে মানুষের মধ্যে কোনো বিভেদ করে না। দলটির সামাজিক কার্যক্রম সব নাগরিকের জন্য সমানভাবে পরিচালিত হয় বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
মন্তব্য করুন

