কাতারের সাবেক আমির শেখ হামাদের দাফন সম্পন্ন
কাতারের সাবেক আমির ও আধুনিক কাতারের স্বপ্নদ্রষ্টা শেখ হামাদ বিন খলিফা আল থানির দাফন সম্পন্ন করা হয়েছে। ৭৮ বছর বয়সে মারা যাওয়া শেখ হামাদকে রোববার (১২ জুলাই) দোহায় দাফন করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রোববার সকালে শেখ হামাদের মৃত্যুর খবর ঘোষণা করা হয়। এরপর সন্ধ্যায় রাজধানীর ইমাম মুহাম্মদ ইবনে আবদ আল-ওয়াহহাব মসজিদে মাগরিবের নামাজের পর তার অনাড়ম্বর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজের সময় কাতারের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত উপস্থিত জনগণ শেখ হামাদের মরদেহের দিকে ফিরে দোয়া করেন। এরপর তার ছেলে ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে মরদেহ মসজিদ থেকে বের করে আনেন। পরে শেখ হামাদকে দোহার উত্তরে লুসাইল কবরস্থানে দাফন করা হয়।
মন্তব্য করুন
