সংসদে ডেপুটি স্পিকার পদ নিচ্ছে না জামায়াত
জাতীয় সংসদে ডেপুটি স্পিকার পদ আপাতত গ্রহণ করবে না প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলছে, গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের স্পষ্ট রূপরেখা ছাড়া তারা এই পদ গ্রহণ করবে না।
রোববার এ বিষয়ে কথা বলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, আপাতত জামায়াত ডেপুটি স্পিকার পদ নিচ্ছে না। বিষয়টি জুলাই জাতীয় সনদের সঙ্গে সম্পৃক্ত এবং সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
তিনি আরও বলেন, কেবল বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার দিলেই সংস্কার প্রস্তাব বা জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়িত হবে না। সংস্কার সংক্রান্ত আরও অনেক প্রস্তাব রয়েছে, যেগুলোর বিষয়ে পরিষ্কার অবস্থান জানতে হবে। অন্যথায় এ বিষয়ে প্রশ্ন থেকেই যাবে।
মাওলানা আব্দুল হালিম বলেন, “আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছি। কিন্তু এখন সেই গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে ছলচাতুরির আশঙ্কা তৈরি হয়েছে। আদালতের ওপর দায় চাপিয়ে গণভোটের সিদ্ধান্ত বানচাল করার চেষ্টা চলছে। গণ-আকাঙ্ক্ষা পূরণ না হলে জামায়াতের পক্ষে ডেপুটি স্পিকার পদ গ্রহণ করা সম্ভব নয়।”
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর থেকেই বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার নিয়োগের বিষয়টি আলোচনায় আসে। কারণ রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে বিবেচিত জুলাই জাতীয় সনদে এ বিষয়ে উল্লেখ রয়েছে।
গত সোমবার সচিবালয়ে এক বৈঠকের পর বিষয়টি নতুন করে সামনে আনেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান জানিয়ে সংসদের ডেপুটি স্পিকার পদে মনোনয়নের জন্য প্রধান বিরোধী দল জামায়াতকে সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে আমরা এখন থেকে তা বাস্তবায়ন শুরু করতে চাই। সে কারণেই প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে ও সরাসরি সাক্ষাতে ডেপুটি স্পিকার মনোনয়নের প্রস্তাব দিয়েছি।”
তিনি আরও বলেন, চাইলে সরকারি দল স্পিকার ও ডেপুটি স্পিকার—দুটি পদই নিতে পারে। তবে জুলাই জাতীয় সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার বিরোধী দল থেকেই হওয়ার কথা। সে বিবেচনায় বিষয়টিকে সরকার ‘গুড উইল’ হিসেবেই প্রস্তাব করেছে।
এদিকে জামায়াতের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের বিষয়ে পরিষ্কার অগ্রগতি না দেখা গেলে আপাতত ডেপুটি স্পিকার পদ গ্রহণের প্রশ্নই ওঠে না।
মন্তব্য করুন

