টেকনাফের পাহাড়ে তিন মরদেহ পড়ে থাকার খবর, সন্ধান মেলেনি একজনেরও
কক্সবাজারের টেকনাফের লেদা-রঙ্গিখালীর দুর্গম পাহাড়ে মানবপাচারকারী চক্রের বন্দিশালার আশপাশে ৩টি মরদেহ পড়ে থাকার খবরের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে প্রায় ৪ ঘণ্টা ধরে ১০ কিলোমিটার পাহাড়ি পথে তল্লাশি চালিয়ে কোনো মরদেহের সন্ধান পাওয়া যায়নি।
সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে শনিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ অভিযানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের দেড় শতাধিক সদস্য অংশ নেন। প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে বেলা সাড়ে ১১টার দিকে ফিরে আসেন তারা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, প্রায় ১০ কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়েছে। তবে কোনো মরদেহ পাওয়া যায়নি। কেউ মরদেহ সরিয়ে ফেলেছে কি না, সে সম্পর্কেও পুলিশের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে থাকা স্থানীয় বাসিন্দা মাঈন উদ্দিন ভুট্টা জানান, পাহাড়ের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে মরদেহের সন্ধান মেলেনি। সেখানে রান্না করাv দু-একটি পাতিল ও বিছানার মতো কিছু জিনিস পাওয়া গেছে। তার ধারণা, পাহাড়ের অনেক এলাকা অত্যন্ত দুর্গম হওয়ায় তল্লাশিতে সেসব জায়গা বাদ পড়ে থাকতে পারে। আবার অভিযানের আগেই পাচারকারীরা মরদেহ সরিয়ে ফেলেছে কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মন্তব্য করুন

