রাঙামাটিতে যাত্রীবাহী পিকআপ উল্টে ৪ জন নিহত
রাঙামাটির মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) ভোরে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। মানিকছড়ি এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে পিকআপে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
নিহতরা হলেন, নানিয়ারচরের ঘিলাছড়ি এলাকার শোভা চাকমা (৫২), কৃষ্ণমাছড়া এলাকার মেঘরানী চাকমা (৪৫), রাঙামাটি শহরের আমানতবাগ এলাকার শান্তনা চাকমা (৩৮) ও বিজয়নগর এলাকার শান্তি রঞ্জন চাকমা (৬৫)।
আহত দুজন হলেন পিকআপচালক নানিয়ারচরের ঘিলাছড়ি এলাকার জ্ঞান বিকাশ চাকমা (৫০) এবং রাঙামাটি শহরের পিটিআই এলাকার সুমন চাকমা (৪৫)। তারা রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
মন্তব্য করুন

