শিরোনাম

যে মাঠে শুরু, সেই মাঠেই ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার

প্রকাশনার সময়: ৬ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

 

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। ম্যাচ শেষে জাতীয় দলকে বিদায় জানান ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি জানান, বিশ্বকাপ জয়ের স্বপ্ন অপূর্ণ রেখেই শেষ হলো তার আন্তর্জাতিক অধ্যায়।

মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র গোলটি করেন ৩৪ বছর বয়সী এই তারকা। শেষ বাঁশি বাজার পর কান্নায় ভেঙে পড়েন নেইমার। সতীর্থরা তাকে ঘিরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। বিদায়ী বার্তায় তিনি বলেন, দেশের জন্য নিজের সর্বোচ্চটা দিয়েছেন, কিন্তু বিশ্বকাপ জয়ের স্বপ্ন আর পূরণ হলো না।

বিদায়ের মুহূর্তটিকে আরও আবেগময় করে তুলেছে একটি কাকতালীয় ঘটনা। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ঠিক এই মেটলাইফ স্টেডিয়ামেই ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়েছিল নেইমারের। ১৬ বছর পর একই মাঠে শেষ হলো তার জাতীয় দলের বর্ণাঢ্য পথচলা।

চারটি বিশ্বকাপ খেলেও শিরোপার স্বাদ পেলেন না নেইমার। সাবেক অধিনায়ক থিয়াগো সিলভা–র পর দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে এই আক্ষেপ নিয়েই বিশ্বকাপ ক্যারিয়ার শেষ করলেন তিনি। জাতীয় দলের হয়ে সম্ভাব্য শেষ ম্যাচ পর্যন্ত তার পরিসংখ্যান—১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৮ অ্যাসিস্ট। সিনিয়র দলের হয়ে তার একমাত্র শিরোপা ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ। এছাড়া ২০১৬ সালে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন তিনি।

অন্যদিকে, নরওয়ের বিপক্ষে এই হার ব্রাজিলের জন্যও এক হতাশার অধ্যায়। ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে না পারা ব্রাজিল যদি ২০৩০ সালেও শিরোপা পুনরুদ্ধার করতে না পারে, তবে তাদের অপেক্ষা গিয়ে দাঁড়াবে ২৮ বছরে—যা প্রথম বিশ্বকাপ জয়ের পর সবচেয়ে দীর্ঘ শিরোপাখরা।

সূত্র: গ্লোবো স্পোর্তো

মন্তব্য করুন