রাত ২টায় হাল্যান্ড-ভিনির মহারণ, ব্রাজিলের সামনে ইতিহাস বদলের চ্যালেঞ্জ
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরোপের উদীয়মান শক্তি নরওয়ে। বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। ম্যাচটির সবচেয়ে বড় আকর্ষণ ব্রাজিলের ভিনিসিউস জুনিয়র ও নরওয়ের গোলমেশিন আর্লিং হাল্যান্ডের দ্বৈরথ।
বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল ব্রাজিল হলেও নরওয়ের বিপক্ষে তাদের পরিসংখ্যান মোটেও স্বস্তিদায়ক নয়। দুই দলের আগের চার দেখায় একবারও জয়ের দেখা পায়নি সেলেসাওরা। দুই ম্যাচে হার এবং দুটি ড্রয়ের তিক্ত স্মৃতি নিয়ে এবার পঞ্চম সাক্ষাতে ইতিহাস বদলানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
গ্রুপ পর্বে স্কটল্যান্ড ও হাইতিকে হারিয়ে এবং মরক্কোর সঙ্গে ড্র করে গ্রুপসেরা হিসেবে নকআউটে ওঠে ব্রাজিল। এরপর রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে নাটকীয় জয় তুলে নেয় তারা।
অন্যদিকে, ইরাক ও সেনেগালকে হারিয়ে এবং ফ্রান্সের কাছে হেরে গ্রুপ রানার্সআপ হয় নরওয়ে। নকআউটে আইভরি কোস্টকে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বের ম্যাচ জিতে নতুন ইতিহাস গড়ে ভাইকিংরা।
নরওয়ের সবচেয়ে বড় ভরসা আর্লিং হাল্যান্ড। নিজের প্রথম বিশ্বকাপেই পাঁচ গোল করে ইতোমধ্যে আলো ছড়িয়েছেন ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার। দলের ১০ গোলের অর্ধেকই এসেছে তার পা থেকে। আক্রমণে তাকে সহায়তা করবেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড।
অন্যদিকে, ব্রাজিলের আক্রমণের নেতৃত্বে থাকবেন ভিনিসিউস জুনিয়র। এবারের বিশ্বকাপে চার গোল করে তিনি দলের সর্বোচ্চ গোলদাতা। পাশাপাশি ২০০২ সালের রোনালদো ও রিভালদোর পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে টানা তিনটি গ্রুপ ম্যাচে গোল করার কীর্তিও গড়েছেন এই তারকা ফরোয়ার্ড। উল্লেখ্য, ২০০২ সালেই সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল।
নরওয়ের কোচ স্তালে সলবাক্কেন, যিনি ১৯৯৮ সালে ব্রাজিলকে হারানো নরওয়ে দলের সদস্য ছিলেন, আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, "ব্রাজিল অবশ্যই ফেভারিট। তবে আমরা শুধু খেলতে নামছি না, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব। কাজটা কঠিন, কিন্তু অসম্ভব নয়।"
আজকের ম্যাচে জয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মেক্সিকো ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ীর।
সম্ভাব্য একাদশ
ব্রাজিল (৪-৩-৩): অ্যালিসন; দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল, সান্তোস; গিমারায়েস, ক্যাসেমিরো, মার্তিনেল্লি; রায়ান, কুনহা ও ভিনিসিউস জুনিয়র।
নরওয়ে (৪-৩-৩): নিয়াল্যান্ড; পেডারসেন, আজের, হেগেম, মোলার উলফে; ওডেগার্ড, বেগে, বার্গ; সোরলথ, হাল্যান্ড ও নুসা।
মন্তব্য করুন
