ছুটিতে বাড়ি এসে হামলার শিকার এসিল্যান্ড, আহত আরও ৫ জন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁনসহ ছয়জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধন্দী গ্রামের বাসিন্দা সাকিব হাছান খাঁন ছুটিতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। রাতে বিদ্যুৎ না থাকায় তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে এলাকার একটি সড়কের পাশে বসে কথা বলছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ওপর হামলা চালিয়ে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।
হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে সাকিব হাছান খাঁন, মুকুল, রাজিব, রুবেল, ফারুক ও ডালিম আহত হন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
পরে আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

