শিরোনাম

সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

প্রকাশনার সময়: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ এবং সাত দিনের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে প্রস্তাব দিয়েছে ইরান। নিউইয়র্কে অবস্থানরত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে এই তথ্য জানিয়েছেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস ও ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে তিনি বলেন, কিছু নির্দিষ্ট শর্ত পূরণ হলে আগামী সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী চলাচলের জন্য খুলে দেওয়া এবং আলোচনা শুরু হবে।

এর আগে, গত মঙ্গলবার ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জাপানি বার্তাসংস্থা কিয়োদো প্রথম এই প্রস্তাবের খবর প্রকাশ করে। তবে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম কিয়োদোর সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে, এ বিষয়ে তেহরানের কর্তৃপক্ষের পক্ষ থেকেও অবস্থান স্পষ্ট করা হয়নি।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকে বসেন আরাঘচি। এর আগেও চলমান যুদ্ধ বন্ধ এবং নৌপথটি খুলে দেওয়ার বিনিময়ে সাতটি শর্ত দিয়েছিল তেহরান।

মন্তব্য করুন