হোয়াইট হাউসে ঢুকেও ট্রাম্পকে হত্যা সম্ভব: ইরান

প্রকাশনার সময়: ১৪ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত স্থাপনাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। সেই হোয়াইট হাউসের ভেতরে ঢুকেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্যবস্তু করা সম্ভব বলে দাবি করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর সাবেক শীর্ষ কমান্ডার হোসেইন কানানি মোগাদ্দাম।

ইরানের সংবাদমাধ্যম ফারারু-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্পকে লক্ষ্যবস্তু করাই যদি উদ্দেশ্য হয়, তাহলে ইরান প্রয়োজন হলে হোয়াইট হাউসের ভেতরেও সেই সক্ষমতা দেখাতে পারে। তার ভাষায়, প্রয়োজন দেখা দিলে এ ধরনের পদক্ষেপ নেওয়ার সক্ষমতা ইরানের রয়েছে।

সাক্ষাৎকারে কানানি মোগাদ্দাম যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনা নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, এই সংলাপ শান্তি প্রতিষ্ঠার জন্য নয়; বরং দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা কমানো এবং ইরানের অবস্থান তুলে ধরাই এর মূল উদ্দেশ্য।

তার দাবি, আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অভিযোগের জবাব দেওয়া, ইরানের দাবিগুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করছে তেহরান।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অর্থ এই নয় যে দুই দেশের মধ্যে বিরোধ শেষ হয়ে গেছে। বরং যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের অবস্থান আগের মতোই কঠোর রয়েছে এবং প্রতিশোধের বিষয়টিও তাদের বিবেচনায় আছে বলে ইঙ্গিত দেন তিনি।

বিশ্লেষকদের মতে, সাবেক এই আইআরজিসি কর্মকর্তার বক্তব্য সাম্প্রতিক সময়ে ট্রাম্পকে ঘিরে ইরানের পক্ষ থেকে আসা সবচেয়ে কড়া মন্তব্যগুলোর একটি।

উল্লেখ্য, ২০২০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আইআরজিসির কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর থেকে ইরান একাধিকবার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে আসছে। সেই প্রেক্ষাপটেই কানানি মোগাদ্দামের সাম্প্রতিক মন্তব্য নতুন করে দুই দেশের উত্তেজনা নিয়ে আলোচনা শুরু করেছে।

এর আগে ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছিলেন, ইরানের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু তিনি। তবে এ দাবির পক্ষে তিনি প্রকাশ্যে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

সূত্র: নিউইয়র্ক পোস্ট, মিডল ইস্ট মনিটর।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

রক্তের বদলে রক্ত চান খামেনীপুত্র

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান