জানা গেল ব্যাচেলর পয়েন্ট-এর নতুন চরিত্রের নাম
দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে মুক্তি পেয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ‘চ্যাপ্টার ১৩’। নির্মাতা কাজল আরেফিন অমির আকস্মিক অসুস্থতার কারণে নাটকটির কাজ সাময়িকভাবে স্থগিত থাকলেও গত বৃহস্পতিবার (৯ জুলাই) এর প্রথম চারটি পর্ব (৯৭ থেকে ১০০ নম্বর পর্ব) একযোগে প্রকাশ করা হয়েছে।
এবারের চ্যাপ্টারের অন্যতম বড় আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন নেপালি মডেল রাজশ্রী থাপা। বেশ কিছুদিন ধরে দর্শকদের মাঝে কৌতূহল তৈরি করা এই নতুন মুখের চরিত্রের নাম ‘কিরান’ বলে নিশ্চিত করেছেন নির্মাতা। জানা গেছেম নেপালের গল্পকে কেন্দ্র করেই এই নতুন চরিত্রের আগমন ঘটেছে।
শুক্রবার (১০ জুলাই) নির্মাতা অমি তার ফেসবুক পেজে রাজশ্রীর ছবি শেয়ার করে লেখেন, ‘ব্যাচেলর পয়েন্ট-এর নতুন আগুন, কিরান। কিরানকে দেখতে চোখ রাখুন বঙ্গ-তে’। আর নির্মাতার এই পোস্টে রাজশ্রী থাপা মন্তব্য করে ধন্যবাদ জানিয়েছেন।
শুধু তাই নয়, এই নেপালি মডেল নিজেও তার ফেসবুকে একটি ছবি প্রকাশ করে বাংলাদেশের দর্শকদের উদ্দেশে শুভেচ্ছা জানিয়েছেন।
সূত্র জানিয়েছে, পরিচালকের শারীরিক অসুস্থতার কারণেই মূলত ‘চ্যাপ্টার ১৩’-এর কাজ শেষ হতে কিছুটা বিলম্ব হয় এবং পূর্বঘোষিত মুক্তির তারিখ পিছিয়ে যায়। তবে দর্শকদের ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে পুরোপুরি সুস্থ হওয়ার আগেই সীমিত পরিসরে শুটিং সেটে ফিরে নাটকটির কাজ শেষ করেন অমি।
মন্তব্য করুন
