শিরোনাম

“ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? আপনি এখনই দেশে ফিরে আসুন।”: শেখ হাসিনাকে আসিফ নজরুল

প্রকাশনার সময়: ১১ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের দিকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন। সম্প্রতি বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন।

শেখ হাসিনার এই বক্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, “ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? আপনি এখনই দেশে ফিরে আসুন।”

পোস্টে আসিফ নজরুল উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ করেছিল এবং বর্তমান বিএনপি সরকারও একই উদ্যোগ নিয়েছে। সরকারের বক্তব্য অনুযায়ী, তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে। একই সঙ্গে শেখ হাসিনাও দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে তিনি লেখেন, “যদি সেটিই সত্য হয়, তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন।”

তিনি আরও বলেন, দেশের জনগণ এবং আদালতের সামনে শেখ হাসিনার অনেক প্রশ্নের জবাব দেওয়ার রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় শত শত মানুষের প্রাণহানির দায়, তার শাসনামলে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, ‘আয়নাঘর’, দুর্নীতি, অর্থ পাচারের অভিযোগ, দীর্ঘ সময় ভোটাধিকার থেকে জনগণ বঞ্চিত থাকা এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা আদালত ও ইতিহাস উভয়ই জানতে চাইবে বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ নেতা-কর্মীদের প্রসঙ্গ টেনে আসিফ নজরুল লেখেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের বিদেশে পাঠিয়ে দিলেও সরকারের কর্মকাণ্ডের রাজনৈতিক ও আইনি পরিণতির ভার বহন করতে হয়েছে দলের অসংখ্য সাধারণ নেতা-কর্মীকে। তাদের অনেকেই এখনও বিভিন্ন মামলার মুখোমুখি বা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

পোস্টের শেষাংশে তিনি শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, “যদি সত্যিই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আর বিলম্ব করবেন না। দেশে ফিরে আইনের মুখোমুখি হোন এবং আদালতে আপনার বক্তব্য তুলে ধরুন। আর যদি দেশে ফেরার বাস্তব কোনো পরিকল্পনা না থাকে, তাহলে বারবার ফেরার ঘোষণা দিয়ে নিজের দলের সাধারণ নেতা-কর্মীদের বিভ্রান্ত বা অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে ফেলবেন না।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর