স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে ক্ষোভ সালমান মুক্তাদিরের
শনিবার রাতে ইসিবি চত্বর এলাকায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে বিষয়টি নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে যে ঢালাও অভিযোগ করা হয়েছে,তার সুনির্দিষ্ট কোনো ভিত্তি পাওয়া যায়নি। তিনি আরও বলেন, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ভুক্তভোগী ফেসবুক লাইভে এসে অভিযোগ করলেও এখন পর্যন্ত কোনো মামলা করেননি।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় এক ভিডিওবার্তায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সালমান মুক্তাদির। একইসঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
সালমান অভিযোগ করেন, ঘটনার দিন রাত চারটা পর্যন্ত তিনি নিজে ক্যান্টনমেন্ট থানায় বসেছিলেন। অথচ এত বড় ঘটনার পরও কেন তাৎক্ষণিকভাবে মামলা গ্রহণ করা হলো না এবং বিষয়টি ভাইরাল হওয়ার আগ পর্যন্ত কেন পুলিশ নিষ্ক্রিয় ছিল, তার জবাব দেশবাসীকে দিতে হবে।
তিনি বলেন, ‘আপনার (স্বরাষ্ট্র উপদেষ্টা) আন্ডারে প্রতিটি থানা ও প্রশাসন পরিচালিত হয়। প্রত্যেকটি থানা,অথরিটি, এডমিন আপনার এক বাটনের আন্ডারে। অথচ আপনি জানেন না যে মামলা দায়ের করা হয়েছে। আপনার কাছে আপডেটটা নাই। আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে কীভাবে এতটুকু ডিটাচ থাকতে পারেন?’ সালমান জানান, তিনি নিয়মমাফিক মামলা দায়ের করেছেন।
মন্তব্য করুন

