শিরোনাম

রেফারিং বিতর্কে এবার লা লিগা সভাপতির পদত্যাগ চাইল রিয়াল মাদ্রিদ

প্রকাশনার সময়: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেটিকোর কাছে হারের ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে অভিযোগ তুলেছিল রিয়াল। লস ব্লাঙ্কোসরা যখন ম্যাচ অফিসিয়ালদের ওপর ক্ষুব্ধ, তখন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের মন্তব্য যেন আগুনে ঘি ঢেলেছে। ফলে এখন লা লিগার সভাপতি পদে নতুন ও নিরপেক্ষ কাউকে দরকার বলে জানিয়েছে রিয়াল মাদ্রিদ।

এর আগে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হারের ম্যাচে রেফারিং নিয়ে অভিযোগ তুলেছিল রিয়াল। যা নিয়ে লা লিগা সভাপতি তেবাস বলেন, ‘রেফারিরা রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে– এমন দাবি করা অন্য কোনো গ্যালাক্সিতে বসবাসের শামিল। মৌসুমের শুরুর দিকের ম্যাচে দলের যেসব ঘাটতি স্পষ্ট, সেগুলোকে আড়াল করার ধোঁয়াশা বা অজুহাত হিসেবেই এই বয়ানটি দেওয়া হচ্ছে। মাঠের প্রকৃত পরিস্থিতি ব্যাখ্যা করার চেয়ে ষড়যন্ত্রের কথা বলাটাই অনেক সহজ।’

পরে লা লিগার সভাপতি তেবাসের আচরণকে ‘অনুপযুক্ত’ উল্লেখ করে স্প্যানিশ ফুটবলে এখন জরুরিভাবে একজন নিরপেক্ষ নেতা প্রয়োজন বলে দাবি তাদের, যিনি নিরপেক্ষতার মৌলিক দায়িত্ব নিয়ে লিগ পরিচালনা করতে এবং এর পূর্ণ সম্ভাবনা বিকশিত করতে সক্ষম। এক বিবৃতিতে রিয়াল বলছে, ‘এমন একজনকে প্রয়োজন, যিনি নিজের ভূমিকার প্রকৃতি বোঝেন। কারণ লা লিগার সভাপতি প্রতিযোগিতাটির মালিক নন। তিনি সেই ক্লাবগুলোর হয়ে দায়িত্ব পালনকারী একজন ব্যবস্থাপক, যারা তাকে এর পরিচালনার দায়িত্ব দিয়েছে। ক্লাবগুলোর এমন একজন ব্যক্তিকে প্রয়োজন, যিনি সততার সঙ্গে এই দায়িত্ব পালন করবেন।’

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

ঋতুপর্ণাদের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

এইচপির পেস বোলিং কোচের দায়িত্ব পাচ্ছেন রাসেল