বিদায়ী ম্যাচ খেলতে ফের আর্জেন্টিনা দলে মেসি, প্রতিপক্ষ কে?
আর্জেন্টিনার আকাশি-নীল জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের মঞ্চ প্রস্তুত। জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়া এই বিশ্বকাপজয়ী অধিনায়ককে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দলে রেখেছে আর্জেন্টিনা।
আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচটি মেসির জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচ হিসেবে আয়োজন করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া মঙ্গলবার মেসিকে দলে রাখার বিষয়টি নিশ্চিত করেন।
তাপিয়া জানিয়েছেন, মেসির সঙ্গে আলোচনা করেই তাকে বিদায়ী ম্যাচের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তার ভাষায়, আর্জেন্টিনার ‘আইকন’ ও অধিনায়ককে দেশের মাটিতে প্রাপ্য সম্মানের সঙ্গে বিদায় জানাতেই এই আয়োজন।
মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে বড় আয়োজনের পরিকল্পনাও করেছে এএফএ। ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব সদস্য ও তাদের পরিবারকে আমন্ত্রণ জানানোর কথা জানিয়েছেন তাপিয়া।
আগামী আন্তর্জাতিক সূচিতে ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে খেলবে তারা। এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। সিরিজের শেষ ম্যাচ ৬ অক্টোবর একই ভেন্যুতে বেনিনের বিপক্ষে।
মন্তব্য করুন

