কাউন্সিলর নির্বাচনে বাড্ডায় জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের ছড়াছড়ি নেপথ্যে শ্রমিককল্যাণ
রাজধানীর বাড্ডার ৩৭ ও ৪২ নম্বর ওয়ার্ডে জামায়াতের সমর্থন ছাড়া নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ শ্রমিককল্যাণের একাংশের নেতা-কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, সাংগঠনিক সিদ্ধান্ত ও শৃঙ্খলা অনুসরণ না করে তারা এলাকায় পৃথকভাবে নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাস্টার জাহাঙ্গীর আলম ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের তুহিন উদ্দিনসহ সংগঠনটির একাংশের নেতা-কর্মীরা নিয়মিতভাবে জামায়াতের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিলেও নির্বাচনী কর্মকাণ্ডে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, প্রকাশ্যে সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত থাকলেও গোপনে দলীয় সিদ্ধান্তকে ক্ষতিগ্রস্ত করার মতো তৎপরতা চালানো হচ্ছে।
সূত্রের দাবি, প্রায় দুই মাস আগে শ্রমিক কল্যাণের একজন শীর্ষ নেতার একটি ভয়েস মেসেজ পরিকল্পিতভাবে জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। ওই অডিওতে জামায়াত মনোনীত প্রার্থীদের পক্ষে কোনো ধরনের নির্বাচনী কর্মকাণ্ডে অংশ না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
এদিকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আতিক উদ্দিনের অবস্থানও এ ঘটনায় আলোচনায় এসেছে। তিনি সংশ্লিষ্ট এলাকায় অবস্থান করলেও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো পদক্ষেপ বা বক্তব্য না দেওয়ায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে বলে জানা গেছে।
এভাবে দলীয় নিয়ম শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিলে, নির্বাচনে জামায়াতের ক্ষতির আশঙ্কা হতে পারে বলে মনে করছেন স্থানীয় নেতা-কর্মীরা।
মন্তব্য করুন

