আজ থেকে টানা পাঁচ দিন বৃষ্টি, কয়েক জেলায় অতি ভারী বর্ষণের আশঙ্কা
দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার (১৮ জুলাই) সকাল ৯টা থেকে আগামী ১২০ ঘণ্টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুরসহ উত্তরাঞ্চলের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, শনিবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক এলাকায় দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় রংপুর বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে দিনের ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
রোববারও দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সোমবার থেকে বুধবার পর্যন্ত সারাদেশেই বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সোমবার ও মঙ্গলবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বুধবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের পরও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে নদী অববাহিকা ও নিচু এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
