শিরোনাম

২ জুলাই থেকে শুরু এইচএসসি পরীক্ষা, প্রকাশিত পূর্ণাঙ্গ রুটিন

প্রকাশনার সময়: ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এই পরীক্ষা শুরু হবে।

ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা একই দিনে পরীক্ষায় অংশ নেবেন। প্রথম দিনে অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র, যা সকালবেলায় নেওয়া হবে।

রুটিন অনুযায়ী, জুলাই মাসজুড়ে চলবে আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়গুলোর লিখিত পরীক্ষা। ৪ জুলাই বাংলা দ্বিতীয় পত্র, ৬ ও ৮ জুলাই যথাক্রমে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং ১১ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা নির্ধারণ করা হয়েছে। এরপর ধারাবাহিকভাবে ১৩ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান, যুক্তিবিদ্যা ও ভূগোল বিষয়ের উভয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৯ জুলাই অনুষ্ঠিত হবে রসায়ন, ইসলামের ইতিহাস ও ইতিহাস প্রথম পত্র এবং ২২ জুলাই এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে। মাসের শেষদিকে অর্থনীতি, পৌরনীতি, জীববিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অগাস্টের শুরুতেও কিছু বিষয় পরীক্ষা চলবে। ৩০ জুলাই ও ১ আগস্ট মনোবিজ্ঞান, কৃষিশিক্ষা ও চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা নির্ধারিত রয়েছে। ২ আগস্ট উচ্চতর গণিত ও ইসলাম শিক্ষা প্রথম পত্র এবং ৪ আগস্ট দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে। ৮ আগস্ট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা, সমাজবিজ্ঞান ও সমাজকর্ম পরীক্ষার মধ্য দিয়ে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে।

পূর্ণাঙ্গ রুটিন দেখুন

এছাড়া ১৫ আগস্টের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে নম্বর অনলাইনে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

পরীক্ষা পরিচালনায় শিক্ষার্থীদের জন্য কঠোর নির্দেশনাও জারি করা হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসনে বসতে হবে। পরীক্ষার শুরুতে এমসিকিউ এবং পরে সৃজনশীল অংশ নেওয়া হবে, এবং দুই অংশের মাঝে কোনো বিরতি থাকবে না।

পূর্ণমান ১০০ নম্বরের পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে তিন ঘণ্টা। ব্যবহারিক সংযুক্ত (২৫-৫০ নম্বর) বিষয়গুলোর ক্ষেত্রে সময় কিছুটা কম হতে পারে। পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারলেও প্রোগ্রামিং ক্যালকুলেটর বা মোবাইল ফোন বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

শিক্ষা বোর্ড আরও জানিয়েছে, তত্ত্বীয়, এমসিকিউ ও ব্যবহারিক—প্রতিটি অংশে আলাদাভাবে পাস করা বাধ্যতামূলক।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই