শিরোনাম

এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত করলো ইসি

প্রকাশনার সময়: ২২ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত ১৩ প্রার্থীর মধ্যে ১২টির মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, আর একটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী মনিরা শারমিনের মনোনয়নটি সরকারি চাকরির পূর্ণাঙ্গ তথ্য জমা না দেওয়ায় বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করেছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) অনুযায়ী, সরকারি চাকরি থেকে অব্যাহতি নেওয়ার তিন বছরের মধ্যে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নেই। তবে রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংক থেকে চাকরি ছাড়ার মাত্র চার মাস পরই মনিরা শারমিন সংরক্ষিত নারী আসনের প্রার্থী হওয়ায় তার মনোনয়নের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইন বিশেষজ্ঞরা।

সংসদে বিরোধী জোটের জন্য নির্ধারিত ১৩টি সংরক্ষিত নারী আসনের মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী রয়েছেন আটজন, এনসিপির দুজন, বাংলাদেশ খেলাফত মজলিসের একজন, জাগপার একজন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া এক শিশুর মাকে প্রার্থী করা হয়েছে।

প্রার্থীরা মঙ্গলবার নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন। এর আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এনসিপির পক্ষ থেকে মনিরা শারমিনের পাশাপাশি নারীশক্তির সদস্যসচিব মাহমুদা আলমকেও মনোনয়ন দেওয়া হয়েছে।

তথ্য অনুযায়ী, মনিরা শারমিন ২০২৩ সালের অক্টোবরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার (জেনারেল) পদে যোগ দেন। প্রথমে কুষ্টিয়া শাখায় কর্মরত থাকলেও পরবর্তীতে বদলি হয়ে ঢাকার কারওয়ান বাজার করপোরেট কার্যালয়ে দায়িত্ব পালন করেন। চাকরিরত অবস্থাতেই তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন এবং সর্বশেষ গত বছরের ডিসেম্বরে পদত্যাগ করেন। তার সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলেও ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকে কর্মরত থাকার তথ্য উল্লেখ রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর