জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক, তিস্তা-রোহিঙ্গাসহ নানা বিষয়ে আলোচনা
বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়।
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন দূতাবাসের রাজনৈতিক সেকশনের পরিচালক ঝ্যাং জিং এবং পলিটিক্যাল অ্যাটাশে রু কি। পুরো বৈঠক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আলোচনায় বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে অর্থনীতি, বাণিজ্য, কূটনীতি, রাজনীতি ও উন্নয়ন সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক অংশীদারিত্ব আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ ইকোনমিক করিডোর (CMBC), বাংলাদেশে চীনের বিনিয়োগ এবং বিভিন্ন সম্ভাব্য উন্নয়ন প্রকল্প নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই সমাধানে চীনের আরও কার্যকর সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বেইজিংয়ের ইতিবাচক ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্বও তুলে ধরা হয়। উভয় পক্ষ মনে করেন, দুই দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং সাংস্কৃতিক বিনিময়ে এ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও বহুমাত্রিক হবে।
এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
