হঠাৎ অভিনেতা গোবিন্দর পথে বসার গুঞ্জন
বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ আর্থিক সংকটে পড়ে দেউলিয়া হয়ে গেছেন, এমন গুঞ্জনে সরগরম সামাজিক মাধ্যম। সম্প্রতি ভারতের এক মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় সাধারণ ট্যাক্সি ব্যবহার এবং বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠানে পারফর্ম করতে দেখে এই জল্পনা শুরু হয়। তবে অভিনেতার ঘনিষ্ঠ সূত্র ও তার ভাগ্নে বিনয় আনন্দ এই গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
বিগত এক বছরে পারিবারিক কলহ ও স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনসহ নানা কারণে আলোচনায় ছিলেন নব্বই দশকের এই শীর্ষ নায়ক। সম্প্রতি তার ‘দেউলিয়া’ হওয়ার খবর রটলে মুখ খোলেন তার ভাগ্নে বিনয় আনন্দ। তিনি জানান, গোবিন্দর আর্থিক অবস্থা নিয়ে যারা নেতিবাচক কথা বলছেন তারা আসলে সত্য জানেন না। বিনয় বলেন, মামা আজও সুপারস্টার। তিনি যেখানেই যাবেন, সেখান থেকেই অনায়াসেই লাখ লাখ টাকা আয় করার ক্ষমতা রাখেন।
গোবিন্দর আর্থিক সচ্ছলতার প্রমাণ দিতে গিয়ে বিনয় আরও জানান, যখন মুম্বাইয়ের লোখান্ডওয়ালায় একটি ফ্ল্যাটের দাম ছিল মাত্র ১২-১৩ লাখ রুপি, তখন গোবিন্দ প্রতি সিনেমার জন্য প্রায় এক কোটি রুপি পারিশ্রমিক নিতেন। ক্যারিয়ারে ৭০ থেকে ৮০টির বেশি সফল সিনেমায় অভিনয় করা একজন তারকার দেউলিয়া হওয়ার খবরটি তার কাছে হাস্যকর মনে হয়েছে। তিনি দাবি করেন, ক্যারিয়ারের মাত্র পাঁচটি সিনেমার আয় দিয়ে গোবিন্দ যে সম্পদ গড়েছেন, তা তৎকালীন অনেক নায়কের পক্ষেই সম্ভব ছিল না।
২০১৯ সালে ‘রঙ্গিলা রাজা’ সিনেমার পর বড় পর্দায় আর দেখা যায়নি গোবিন্দকে। মাঝে রাজনীতির মাঠে নামলেও সেখানে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। দীর্ঘদিন পর্দার আড়ালে থাকলেও সামাজিক মাধ্যমে তাকে নিয়ে চর্চা কমেনি। নেটিজেনদের একাংশ তার জীবনযাত্রার পরিবর্তন নিয়ে প্রশ্ন তুললেও পরিবারের দাবি, গোবিন্দ এখনও সগৌরবে এবং স্বচ্ছলভাবেই জীবনযাপন করছেন।
মন্তব্য করুন

